জাতীয়হাই লাইটস

অবৈধ যানবাহন চলাচল বন্ধে ২৪ ঘণ্টায় ৬০ মামলা, আটক ৩২

জ্বালানি তেল নিয়ে সংকটের মাঝে রংপুর নগরীতে অবৈধ যানবাহন চলাচল বন্ধে চেকপোস্ট পরিচালনা করছে মেট্রোপলিটন পুলিশ। গত ২৪ ঘণ্টায় রংপুর নগরীর ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনে ৬০টি মামলা ও ৩২টি যানবাহন আটক করা হয়।

বুধবার (১ এপ্রিল) বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং সড়কে শৃঙ্খলার লক্ষ্যে গত ২৪ ঘণ্টায় নগরীর ডিসির মোড়, মেডিকেল মোড়, মাহিগঞ্জ সাতমাথা, কেন্দ্রীয় বাস টার্মিনাল, শাপলা চত্বর ও মডার্ন মোড়ে ট্রাফিক বিভাগ চেকপোস্ট বসায়। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় মোটরসাইকেল, ট্রাক, কারসহ অন্যান্য যানবাহনে মামলা দেওয়াসহ যানবাহন আটক করা হয়। এ কার্যক্রম অব্যহত থাকার কথা জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।

এদিকে, সড়কে নিরাপত্তা জোরদার ও অবৈধ মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণে ড্রাইভিং লাইসেন্স, হেলমেট এবং বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রংপুর জেলা প্রশাসন। অবৈধ মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানে জ্বালানি তেল সরবরাহ না করতে পেট্রোল পাম্প মালিক সমিতিকে অনুরোধ জানানো হয়েছে।

 

Back to top button