
ব্যাট হাতে ঝোড়ো ফিফটি, বল হাতে ছয় উইকেট- এক ম্যাচেই অলরাউন্ড নৈপুণ্যের অনন্য নজির গড়েছেন পাকিস্তানের তরুণ ক্রিকেটার আরাফাত মিনহাস। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ৫৯ রান করার পর ৪০ রানে ৬ উইকেট নিয়ে দলকে ৮৭ রানের জয় এনে দিয়েছেন ২১ বছর বয়সী এই অলরাউন্ডার। এর মধ্য দিয়ে পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে একই ওয়ানডেতে অর্ধশতক ও পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়া তৃতীয় খেলোয়াড় হয়েছেন তিনি।
মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেটে ৩০২ রান করে পাকিস্তান। দলের হয়ে মাত্র ৫৮ বলে ৫৯ রানের কার্যকর ইনিংস খেলেন মিনহাস। পরে বল হাতে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে ম্যাচসেরার পুরস্কারও জিতে নেন তিনি।
এর আগে পাকিস্তানের হয়ে এই কীর্তি গড়েছিলেন শহীদ আফ্রিদি ও আবদুল রাজ্জাক। আফ্রিদি ওয়ানডেতে তিনবার একই ম্যাচে অর্ধশতকের পাশাপাশি পাঁচ উইকেট নিয়েছেন। রাজ্জাক এই কীর্তি গড়েছেন একবার। এবার তাদের সঙ্গে যোগ দিলেন মিনহাস।
পুরুষদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এই ঘটনা ঘটেছে মাত্র ২৫ বার। এই বিরল তালিকায় মিনহাসের সঙ্গে রয়েছেন ভিভ রিচার্ডস, যুবরাজ সিং, ক্রিস গেইল ও সাকিব আল হাসানের মতো তারকারা।
ম্যাচ শেষে নিজের বোলিং পরিকল্পনা নিয়ে মিনহাস বলেন, ‘আমি আমার পরিকল্পনা সহজ রেখেছিলাম। প্রথম ম্যাচে স্পিনারদের জন্য তেমন সহায়তা ছিল না। আজ উইকেট কিছুটা মন্থর ছিল, যা আমাকে সাহায্য করেছে।’