বিলুপ্তির পথে হাজার হাজার হিমবাহ

হিমবাহ আগামী কয়েক দশকের মধ্যে চিরতরে বিলীন হয়ে যেতে পারে
বিশ্বজুড়ে হিমবাহ বা গ্লেসিয়ার দ্রুত হারিয়ে যাচ্ছে। নতুন এক গবেষণায় দেখা যাচ্ছে, আগামী কয়েক দশকে এই বিলুপ্তির গতি আরও তীব্র হবে। বিজ্ঞানীরা বলছেন, হিমবাহ কেবল একই গতিতে গলছে না, বরং চলতি শতাব্দীর মাঝামাঝি সময়ে এসে এদের হারিয়ে যাওয়ার হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। সুইজারল্যান্ডের ইটিএইচ জুরিখ ও ভ্রিজ ইউনিভার্সিটি ব্রাসেলসে গবেষকদের এই যৌথ গবেষণা সম্প্রতি নেচার ক্লাইমেট চেঞ্জ জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষকেরা বিশ্বের দুই লাখের বেশি হিমবাহের স্যাটেলাইট চিত্র ও বিভিন্ন জলবায়ু মডেল বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন।
বিজ্ঞানী ভ্যান ট্রিচ ব্যাখ্যা করে বলেন, প্রতিটি একক হিমবাহের হারিয়ে যাওয়া স্থানীয় জনগোষ্ঠীর ওপর বিশাল প্রভাব ফেলে। অনেক পাহাড়ি এলাকা শুষ্ক মৌসুমে পানির জন্য হিমবাহের গলিত পানির ওপর নির্ভর করে। এ ছাড়া পর্যটন এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গেও এই হিমবাহগুলো ওতপ্রোতভাবে জড়িত। ২০১৯ সালে সুইজারল্যান্ডের পিজল হিমবাহের বিলুপ্তির পর স্থানীয় বাসিন্দারা প্রতীকীভাবে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছিল। ম্যাথিয়াস হুস বলেন, ‘হিমবাহের এই ক্ষতি কেবল বৈজ্ঞানিক উদ্বেগের বিষয় নয়, তা সরাসরি আমাদের হৃদয়কে স্পর্শ করে। অনেক হিমবাহ বিলুপ্ত হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র; তবে সব হিমবাহের ভবিষ্যৎ এখনো অন্ধকার নয়। পৃথিবী কতটা উত্তপ্ত হবে, তার ওপর নির্ভর করবে ঠিক কত হিমবাহ শেষ পর্যন্ত টিকে থাকবে। গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমিয়ে তাপমাত্রা বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে পারলে হাজার হাজার হিমবাহকে রক্ষা করা সম্ভব।’
সূত্র: আর্থ ডট কম