হাই লাইটস

এনসিপিতে সামান্তা শারমিনের পদাবনতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠনে পদ হারিয়েছেন সামান্তা শারমিন। এতদিন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও নতুন কমিটিতে তাকে রাখা হয়েছে শুধু যুগ্ম আহ্বায়ক পদে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে পুনর্গঠিত কমিটির তালিকা প্রকাশ করে এনসিপি। নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ।

জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সামান্তা শারমিন এনসিপি গঠনের পর থেকেই দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সাথে এনসিপির নির্বাচনি জোট গঠন নিয়ে তার ভিন্নমত ছিল। এ কারণে তিনি নির্বাচনে অংশ নেননি। এরপর থেকে দলীয় কর্মকাণ্ডেও তাকে কিছুটা নিষ্ক্রিয় দেখা যায়।

পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। যুগ্ম সদস্যসচিব হয়েছেন আলাউদ্দীন মোহাম্মদ (আন্তর্জাতিক), এস এম সাইফ মুস্তাফিজ (কোষাধ্যক্ষ), মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লা

আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাহসীন রিয়াজ। সহ-আন্তর্জাতিক সম্পাদক হয়েছেন আশরেফা খাতুন। দফতর সম্পাদক করা হয়েছে সাদিয়া ফারজানা দিনাকে এবং সহদফতর সম্পাদক হয়েছেন ইফতেখারুল ইসলাম।

আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। সহ-আইন সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট এরশাদুল বারি ও অ্যাডভোকেট ছেফায়েত উল্লাহ।

প্রচার সম্পাদক হয়েছেন জয়নাল আবেদীন শিশির। সহপ্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজবাহ কামাল মুন্না ও শাহাদাত হোসেন। শিক্ষা সম্পাদক হয়েছেন ফয়সাল মাহমুদ শান্ত এবং সহশিক্ষা সম্পাদক হয়েছেন সাকিব শাহরিয়ার।

 

Back to top button