আন্তর্জাতিকলিড নিউজ

বিক্ষোভে ফুঁসে উঠেছে ইন্দোনেশিয়া, রাজধানীতে ৯ হাজারের বেশি পুলিশ মোতায়েন

প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ক্ষমতার দুই বছর পূর্তি উপলক্ষে ঘোষিত বিক্ষোভ কর্মসূচি সামাল দিতে আজ ২০ অক্টোবর (মঙ্গলবার) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ৯ হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হচ্ছে। জাকার্তা পুলিশের মুখপাত্র বুদি হারমান্তো সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।  

ইউনিভার্সিটি অব ইন্দোনেশিয়ার শিক্ষার্থীরা মঙ্গলবার জানিয়েছে, তারা সাম্প্রতিক দাবানল এবং শেয়ার বাজারের ধসের প্রতিবাদে বিক্ষোভ করবে। তাদের মতে, শেয়ার বাজারের এই ধস এবং ইন্দোনেশীয় রুপিয়ার মান কমে যাওয়া—উভয়ই ‘জাতীয় অর্থনীতির ভঙ্গুরতার’ লক্ষণ।

তবে বিক্ষোভে ঠিক কতজন শিক্ষার্থী অংশ নেবে বা নিতে পারে, তা এখনো স্পষ্ট নয়।

২০২৪ সালের ২০ অক্টোবর প্রাবোও প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এই জেনারেল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয়ী হয়েছিলেন। তবে বর্তমানে তিনি সাধারণ জনগণ, ব্যবসায়ী মহল এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের চেষ্টা করছেন। কারণ, বিভিন্ন জরিপের ফলাফল বিশ্লেষণ করে জানা গেছে, তার উচ্চাভিলাষী ও জনতুষ্টিবাদী কর্মসূচিগুলোর অর্থনৈতিক প্রভাব নিয়ে বিরোধীরা তো বটেই, এমনকি তার সমর্থকদের মধ্যেও অনেকেই উদ্বিগ্ন।

ইন্দোনেশীয় জরিপ পরিচালনাকারী সংস্থা ‘সাইফুল মুজানি রিসার্চ অ্যান্ড কনসাল্টিং’ (এসএমআরসি)-এর জরিপ অনুযায়ী, গত বছরের শেষ দিক থেকেই প্রেসিডেন্ট প্রবাওয়ের জনপ্রিয়তা বা অনুমোদনের হার  ক্রমাগত কমছে। গত বছরের নভেম্বরে তার অনুমোদনের হার ছিল ৮১.২ শতাংশ; কিন্তু অক্টোবরের জরিপে তা কমে ৪৪.৫ শতাংশে নেমে এসেছে। এটিই এখন পর্যন্ত তার সর্বনিম্ন জনপ্রিয়তার রেকর্ড।

২০২৫ সালে পুলিশের হাতে এক মোটরসাইকেল ট্যাক্সি চালক নিহত হওয়ার পর ইন্দোনেশিয়া জুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল; সেই অস্থিরতার সময় বেশ কয়েকজন মানুষ প্রাণ হারান।

 

Back to top button