খেলালিড নিউজ

ঢাকা লিগ এবং প্রথম বিভাগ ক্রিকেটে নতুন যেসব সুবিধা থাকছে

২০২৬-২৭ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আগামী বছরের ফেব্রুয়ারিতে মাঠে গড়াতে যাচ্ছে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বা সিসিডিএম। তবে বিসিবি সূত্রে ঢাকা পোস্ট নিশ্চিত হতে পেরেছে বিপিএল না হওয়ায় আগেই শুরু হবে ঘরোয়ার সবচেয়ে বড় এই আসর।

সাধরণত মার্চ বা এপ্রিলে শুরু হয়ে থাকে এই লিগ। ডিপিএলের পরবর্তী মৌসুম ২০২৬-২৭ আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। যা শেষ হবে একই বছরের ৭ এপ্রিল। আসন্ন আসরে ঢাকার ৫ ভেন্যুতে খেলা মাঠে গড়াবে। সেই সঙ্গে প্রস্তুত থাকবে অতিরিক্ত আরও একটি ভেন্যু। আগামী আসরে বিসিবি থেকে প্রতিটি দল ২৫ লাখ করে টাকা পাবে, যা অতীতে ছিল ১৫ লাখ টাকা।

ডিপিএলে এবার প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সিসিডিএম। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক কমাতে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে যুক্ত হচ্ছে এডিআরএস। পাশাপাশি ম্যাচে ড্রোন ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।

এ ছাড়া প্রথম বিভাগ ক্রিকেট শুরু হতে যাচ্ছে আগামী ১৫ নভেম্বর থেকে। তার আগে ৪-৫ নভেম্বর হবে দল বদল। আসন্ন প্রথম বিভাগ ক্রিকেটেও থাকছে ড্রোন ব্যবহার। ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক করতেই এসব প্রযুক্তি যুক্ত করা হচ্ছে।

Back to top button