সিডনিতে ৩১ অক্টোবর গান গাইবেন আঁখি আলমগীর, টিকিট বিক্রি শুরু

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীরের একক সুরের জাদু নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মীনা বাজার মিউজিক্যাল নাইট ২০২৬’। ‘বাংলাদেশ লেডিজ ক্লাব অস্ট্রেলিয়া’র উদ্যোগে আগামী ৩১ অক্টোবর (শনিবার) কেম্পসির ঐতিহ্যবাহী ওরিয়ন ফাংশন সেন্টারে এ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হবে।
বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলমান এই অনুষ্ঠানের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০, ৭০, ৫০ ও ৩০ অস্ট্রেলিয়ান ডলার। ২ সেপ্টেম্বর সিডনির লাকেম্বায় ধানসিড়ি রেস্টুরেন্টে আয়োজিত এক উদ্বোধনী সভায় আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়। সংগঠনটির প্রেসিডেন্ট রাহেলা আরেফিন, জেনারেল সেক্রেটারি কাউন্সিলর শিরিন আক্তার এবং কালচারাল সেক্রেটারি ডা. ফাহিমা সাত্তার উপস্থিত থেকে অনলাইন প্ল্যাটফর্ম ‘DeshiEvents’-এ এই টিকিট বিক্রির উদ্বোধন ঘোষণা করেন।
আয়োজকেরা জানান, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও দেশীয় সংস্কৃতির মেলবন্ধনে প্রতিবছরের মতো এবারও এ আয়োজন করা হচ্ছে। পরিবারবান্ধব এই আনন্দঘন আয়োজন থেকে অর্জিত অর্থের একটি অংশ মানবকল্যাণমূলক ও সামাজিক কাজে ব্যায় করা হবে।
বাংলাদেশ লেডিজ ক্লাব অস্ট্রেলিয়া সিডনি ও তার পার্শ্ববর্তী এলাকার প্রবাসী বাংলাদেশি, পরিবার ও সংগীতপ্রেমীদের এই আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। মনোমুগ্ধকর পরিবেশনা ও কমিউনিটির প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সিডনি প্রবাসীদের জন্য বছরের অন্যতম সেরা স্মরণীয় মুহূর্ত হয়ে উঠবে বলে আশা করছেন উদ্যোক্তারা।