অর্থনীতিফোকাস

বৈশ্বিক অর্থসংকটের মাঝে রোহিঙ্গা তহবিলে অস্ট্রেলিয়ার বড় সহায়তার ঘোষণা

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় আশ্রয়দাতা জনগোষ্ঠীর সুরক্ষা এবং মানবিক সহায়তা অব্যাহত রাখতে ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার (AUD 25.25 million) অনুদানের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির ২০২৬-২০২৮ মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)-এর মাধ্যমে এই অর্থ প্রদান করা হবে।

আজ সোমবার ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিলের উপস্থিতিতে এই নমনীয় ও বহুবর্ষী অনুদানের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিল বলেন, মিয়ানমার ও বাংলাদেশে রোহিঙ্গাদের মানবিক চাহিদা পূরণে অস্ট্রেলিয়া প্রতিশ্রুতিবদ্ধ। তবে সংকটের মূল কারণ নিরসন করে নিজ দেশে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনই এর স্থায়ী সমাধান।

বাংলাদেশে ইউএনএইচসিআরের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি জুলিয়েট মুরেকেয়িসোনি অস্ট্রেলিয়ার এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, প্রায় নয় বছর পার হতে চলায় নতুন বৈশ্বিক সংকটের আড়ালে রোহিঙ্গা ইস্যুটি ঢাকা পড়ার ঝুঁকিতে রয়েছে। এই অনুদান প্রমাণ করে বিশ্ব তাদের ভুলে যায়নি। অন্যদিকে, বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল জানান, এ অনুদান বিশেষ করে নারী, কন্যাশিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের জরুরি সেবা নিশ্চিত করতে সহায়তা করবে।

বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাস করছেন, যার মধ্যে ২০২৪ সালের পর থেকে নতুন করে যুক্ত হওয়া দেড় লাখ অন্তর্ভুক্ত। বৈশ্বিক অর্থায়ন ঘাটতির কারণে খাদ্য ও সুরক্ষার চরম ঝুঁকিতে থাকা অনেকেই বিপজ্জনক সমুদ্রযাত্রার পথ বেছে নিচ্ছেন। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালেই আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে ঝুঁকিপূর্ণ যাত্রা করতে গিয়ে প্রায় ৯০০ রোহিঙ্গা প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন।

এমন বাস্তবতায় অস্ট্রেলিয়া প্রদত্ত এই অর্থায়ন কক্সবাজারের ক্যাম্পগুলোতে সুরক্ষা কার্যক্রম, দক্ষতা উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসসহ জীবনরক্ষাকারী সেবা চালুর ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।

Back to top button