রাজনীতি

‘চক্রান্তের জবাব রাজপথেই দেওয়া হবে’—তেজগাঁওয়ে সমাবেশে নীরব

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি এবং দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের শামিল বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।

রোববার (২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তেজগাঁও থানা বিএনপি পরিবার এই সমাবেশের আয়োজন করে।

সাইফুল আলম নীরব বলেন, “গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের দমন-পীড়ন উপেক্ষা করে তারেক রহমানের রাজনৈতিক নেতৃত্বে আমরা রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে এসেছি। বিএনপির সিনিয়র নেতাদের বিরুদ্ধে মিথ্যাচার ও চক্রান্তের চেষ্টা চালানো হলে তৃণমূলের নেতাকর্মীরা তা কখনোই বরদাশত করবে না।”

তিনি আরও হুঁশিয়ারি দেন যে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও বিএনপিকে ঘিরে যারা চক্রান্ত করছে, জনগণকে সঙ্গে নিয়ে রাজপথেই তাদের সমুচিত জবাব দেওয়া হবে। আগামীতে যে কোনো চক্রান্ত মোকাবিলায় বিএনপি পরিবার প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তেজগাঁও থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে অন্যান্যের মধ্যে হাতিরঝিল থানা বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল হক মাসুম, যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ভিপি আবু সুফিয়ান দুলালসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Back to top button