
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ভাঙতে চান ভারতের মাত্র ১৪ বছর বয়সী তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। কিংবদন্তি ওপেনার ক্রিস গেইলের করা ১৭৫ রানের রেকর্ডকে টপকানোই তার বড় লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি দিল্লিতে আয়োজিত বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে এই ইচ্ছার কথা জানান সূর্যবংশী।
অনুষ্ঠানের সঞ্চালক হার্শাল ভোগলে তাকে প্রশ্ন করেন, আইপিএলের দ্রুততম সেঞ্চুরি, এক ওভারে ছয় ছক্কা নাকি সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড- কোনটি ভাঙতে চান? জবাবে এই কিশোর ব্যাটার স্পষ্ট করে বলেন, তিনি গেইলের ১৭৫ রানের রেকর্ডই ভাঙতে চান।
২০১৩ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারির্য়সের বিপক্ষে মাত্র ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করেছিলেন গেইল। সেই ইনিংসে ছিল ১৭টি ছক্কা ও ১৩টি চার। এটি শুধু আইপিএল নয়, পুরুষদের টি–টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসেই এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
অল্প বয়সেই অসাধারণ প্রতিভার প্রমাণ দিয়েছেন সূর্যবংশী। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত আসরে রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতকের রেকর্ড গড়েছিলেন তিনি। দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটিও অবশ্য গেইলের। ২০১৩ সালের সেই ১৭৫ রানের ইনিংসে তিনি মাত্র ৩০ বলে শতক পূর্ণ করেছিলেন তিনি।