
চট্টগ্রামের পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে এক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) ও ইপসাকে সাথে নিয়ে ৩ সেপ্টেম্বর যৌথভাবে এ আয়োজন করে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)।
অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান এবং ইপসার প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সময় রুহুল কুদ্দুস খান শিক্ষার্থীদের বর্জ্য পৃথকীকরণ ও প্লাস্টিকের ব্যবহার কমানোর পরামর্শ দেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২২ সাল থেকে চসিকের ৪১টি ওয়ার্ডে পরিচালিত এই যৌথ উদ্যোগের আওতায় এখন পর্যন্ত ৩৫ হাজার টনের বেশি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে। এছাড়া ১১১টি শিক্ষা প্রতিষ্ঠানে বর্জ্য পৃথকীকরণ বিন স্থাপন করে সাড়ে ১১ হাজার শিক্ষার্থীকে সচেতন করা হয়েছে। পাশাপাশি ৩ হাজার বর্জ্যকর্মী ও ভাঙারি ব্যবসায়ীকে প্রশিক্ষণ প্রদানসহ বাড়ি বাড়ি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।