জাতীয়

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২০ লাখ ইউরো সহায়তা দিল ফিনল্যান্ড

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জীবন রক্ষাকারী সহায়তা ও সুরক্ষায় ২০ লাখ ইউরো (প্রায় ২ মিলিয়ন) অনুদান দিয়েছে ফিনল্যান্ড সরকার। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। এই অর্থ দিয়ে মূলত দক্ষতা বৃদ্ধি ও শরণার্থীদের টিকে থাকার সক্ষমতা তৈরির খাতের ঘাটতি পূরণ করা হবে।

মিয়ানমারে সহিংসতা ও নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে। জীবিকার সীমিত সুযোগের কারণে তারা সম্পূর্ণ ত্রাণের ওপর নির্ভরশীল। ২০২৫ সালের এক পরিসংখ্যানে দেখা গেছে, ৩৫ শতাংশ রোহিঙ্গা পরিবারের কোনো আয়ের উৎসই ছিল না এবং ৪২ শতাংশের আয় ছিল সাময়িক ও অনিশ্চিত। তহবিল হ্রাস পাওয়ায় নারী, শিশু, প্রতিবন্ধী এবং ২০২৪ সাল থেকে আসা নতুন দেড় লাখ শরণার্থী চরম সংকটে পড়েছেন।

বাংলাদেশে ইউএনএইচসিআরের রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইসেন ফিনল্যান্ডের এই উদারতার প্রশংসা করে বলেন, মিয়ানমারে নিরাপদ প্রত্যাবর্তনের অনুকূল পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের সুরক্ষা দেওয়া আমাদের সম্মিলিত দায়িত্ব। নয়াদিল্লিতে ফিনল্যান্ড দূতাবাসের অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স মারি আহমেদ জানান, ফিনল্যান্ড সবসময় বাংলাদেশের পাশে আছে এবং রোহিঙ্গাদের একটি উন্নত ভবিষ্যতের জন্য দক্ষতা বৃদ্ধিতে বিনিয়োগ করতে চায়।

গত ২০ মে উত্থাপিত ২০২৬ সালের যৌথ সাড়াদান পরিকল্পনায় (জেআরপি) ৭১ কোটি ৫ লাখ ডলারের আবেদন করা হয়েছে, যার ৬০ শতাংশ ইতিমধ্যে অর্থায়ন হয়েছে। এছাড়া বিশ্বব্যাপী মানবিক সহায়তার অংশ হিসেবে ফিনল্যান্ড ২০২৬ সালে ইউএনএইচসিআর-এর মূল তহবিলে আরও ৭০ লাখ ইউরো দেওয়ার ঘোষণা দিয়েছে।

Back to top button