সম্মাননা পাচ্ছেন কনকচাঁপা

দেশের সংগীতাঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। এবার আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে বগুড়ায়। দুই দশকের গৌরবময় পথচলায় ২০তম আসরে পা রাখা এ আয়োজন ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ ও উচ্ছ্বাস। দেশের সংগীতভিত্তিক সবচেয়ে বড় এ আয়োজন আগামীকাল বগুড়া জেলার পাঁচ তারকা হোটেল মম ইনে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৪ সালে সিডি, ডিভিডি ও অনলাইন প্লাটফর্মে প্রকাশিত গানগুলোর মধ্য থেকে বাছাই করে মোট ১৮টি বিভাগে পুরস্কার দেয়া হবে। এর মধ্যে অনুষ্ঠানটির আকর্ষণীয় পর্ব ‘আজীবন সম্মাননা’। এবার এটি দেয়া হচ্ছে কিংবদন্তি সংগীতশিল্পী কনকচাঁপাকে। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে দেশের সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবেই ‘টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২৫’-এ এ সম্মাননা পাচ্ছেন তিনি। এ তথ্য জানান এবারের আয়োজনের প্রজেক্ট ডিরেক্টর রাজু আলীম।
অনুষ্ঠানের প্রযোজনা ও ব্যবস্থাপনায় রয়েছে ইমপ্রেস টেলিফিল্ম এবং চ্যানেল আই। এ প্রসঙ্গে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘এ পুরস্কার সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে প্রদান করা হয়, যেখানে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই। এটি যেমন নবীন শিল্পীদের অনুপ্রাণিত করে, তেমনি প্রবীণ শিল্পীদের কাজের প্রতি নতুন উদ্দীপনা জোগায়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ উল্লেখ করেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এ আয়োজনের সঙ্গে তাদের সম্পৃক্ততা বিশেষ তাৎপর্য বহন করে।
আজীবন সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে কনকচাঁপা জানান, এ স্বীকৃতির বিষয়ে তার অনুভূতি মিশ্র। ১৯৮৪ সালে শুরু হওয়া তার পেশাদার সংগীতজীবনের দীর্ঘ পথচলায় এটি এক গুরুত্বপূর্ণ মাইলফলক হলেও তিনি মনে করেন, তার সংগীতযাত্রা এখনো শেষ হয়নি। ভবিষ্যতে আরো ভালো গান উপহার দেয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, ১৯৭০-এর দশকের শেষভাগ থেকে সংগীতজগতে পথচলা শুরু করে কনকচাঁপা চলচ্চিত্র ও আধুনিক গানে ব্যাপক সাফল্য অর্জন করেন। সিনেমায় চার হাজারেরও বেশি গানে কণ্ঠ দেন তিনি। এছাড়া একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন। ‘লাভ স্টোরি’ সিনেমায় গান গেয়ে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর ‘প্রেমের তাজমহল’ ও ‘এক টাকার বউ’ সিনেমায় গান গেয়েও একই সম্মাননায় ভূষিত হন তিনি।