নানামুখী চেষ্টায়ও হরমুজ প্রণালির অচলাবস্থা কাটছে না
হরমুজ প্রণালির অচলাবস্থা নিরসনে আন্তর্জাতিক মহলের নানামুখী প্রচেষ্টা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো সমাধান আসেনি। যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরাইলি হামলার প্রতিবাদে ইরান এ গুরুত্বপূর্ণ নৌপথটিতে যান চলাচল বন্ধ করে দেওয়ায় বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের এ যুদ্ধ পঞ্চম সপ্তাহে গড়ালেও সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক কড়া বার্তায় জানিয়েছেন, হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কোনো ধরনের উসকানিমূলক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।
আজ শুক্রবার (৩ এপ্রিল) নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সুরক্ষায় একটি বিশেষ বাহিনী মোতায়েনের খসড়া প্রস্তাব নিয়ে ভোটাভুটির কথা ছিল।
তবে শেষ মুহূর্তে সেই ভোট স্থগিত করা হয় এবং পরবর্তী কোনো তারিখ ঘোষণা করা হয়নি। বাহরাইনের উত্থাপিত এ খসড়া প্রস্তাবে ইরানি হামলা থেকে বাণিজ্যিক জাহাজ রক্ষা করতে ‘প্রতিরক্ষামূলক’ শক্তি ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছিল, যা যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় দেশগুলোর সমর্থন পেয়েছে।