
চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন এক ব্যক্তি।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় পতেঙ্গা থানার ৪১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম হালিমা আক্তার রুহি (৩০)। তার বাবার নাম আব্দুল মান্নান।
অভিযুক্ত স্বামী জহিরুল ইসলাম পেশায় লেগুনা চালক। তাদের দুজনের বাড়ি লক্ষীপুর জেলার রামগঞ্জ ইউনিয়নের সোনাপুর এলাকায়।
পুলিশ জানায়, শনিবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জহিরুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী হালিমা আক্তারকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর জহিরুল ইসলাম তাদের ছোট শিশুকে সঙ্গে নিয়ে সরাসরি পতেঙ্গা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।