চট্টগ্রামের লোহাগাড়ায় গরুর শিংয়ের গুঁতায় এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পদুয়া এস আই চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত এসএসসি পরীক্ষার্থীর নাম সারাবন তাহুরা (১৫)। সে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক সোবহান গ্রামের সৌদিপ্রবাসী মাহফুজুর রহমানের মেয়ে। পদুয়া এসিএম উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল তাহুরার।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কিশোয়ারা সাদিয়া প্রথম আলোকে বলেন, ‘সারাবন তহুরা নামের ওই স্কুলছাত্রীকে দুপুরে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। লাশ তার পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।’ লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

