প্রাথমিক পর্যায় থেকেই নতুন প্রজন্ম তৈরি করতে চাচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী চান, দেশে এমন একটি নতুন প্রজন্ম তৈরি হোক, যারা ভবিষ্যতে দেশকে অনেক দূর এগিয়ে নিতে পারবে। আর খেলাধুলার মাধ্যমেই দেশে নতুন নেতৃত্বের জন্ম হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে ‘খেলায় খেলায় শিখি’ তথ্যপুস্তক পর্যালোচনা শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ইভটিজিংয়ের মতো অসামাজিক কার্যকলাপ থেকে সন্তানদের দূরে রাখতে হলে শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। এখন খেলাধুলার পাশাপাশি খেলার মধ্যে থাকা শিক্ষণীয় বিষয়গুলোও শিক্ষকরা শিশুদের বুঝিয়ে বলবেন।
তিনি বলেন, এবার আমরা তড়িঘড়ি করে ক্লাস ফোর থেকে ‘খেলায় খেলায় শিখি’ শুরু করছি। আগামীতে এটি ক্লাস ওয়ান থেকে শুরু করা হবে। শিক্ষামন্ত্রী আরও বলেন, ২০২৮ সালের কারিকুলামের জন্য আগামী সপ্তাহে একটি কমিটি গঠন করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রাথমিক পর্যায় থেকেই একটি নতুন প্রজন্ম তৈরি করতে চাচ্ছে সরকার। এরই অংশ হিসেবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ‘খেলায় খেলায় শিখি’ উদ্যোগ নেওয়া হয়েছে।