জলবায়ু ঝুঁকি কাটাতে পিকেএসএফের নতুন প্রকল্প, সুফল পাবে প্রান্তিক ২.৫৮ লাখ পরিবার

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা, নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য ব্যবস্থা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। ‘গ্রোথ ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল অন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড নিউট্রিশন (গ্রিন)’ শীর্ষক এই প্রকল্পের আওতায় দেশের হাওর, উপকূল, বরেন্দ্র ও চরাঞ্চলের ২ লাখ ৫৮ হাজারের বেশি পরিবার সরাসরি উপকৃত হবে। রাজধানীর আগারগাঁওস্থ পিকেএসএফ ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফজলুল কাদের বলেন, “গ্রিন প্রকল্পের মাধ্যমে মূলত ক্ষুদ্র উদ্যোগ খাতকে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তিতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ডিজিটাল ফাইন্যান্সিং, এগ্রো-ইকোলজিক্যাল কৃষি, সৌরশক্তির ব্যবহার এবং সার্কুলার ইকোনমির প্রসারের মাধ্যমে পরিবেশবান্ধব অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থান সৃষ্টি করা হবে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিকেএসএফ-এর উপব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রকল্পের বিস্তারিত বিষয় তুলে ধরে একটি মূল উপস্থাপনা দেন উপমহাব্যবস্থাপক ও প্রকল্প সমন্বয়কারী মো. হাবিবুর রহমান।
এ ছাড়া পিকেএসএফ-এর বিভিন্ন কর্মসূচি ও বাস্তবায়িত উদ্যোগ নিয়ে আলোচনা করেন উপব্যবস্থাপনা পরিচালক একিউএম গোলাম মাওলা, মো. মশিয়ার রহমান এবং মুহম্মদ হাসান খালেদ। আয়োজকরা আশা করছেন, প্রকল্পটি প্রান্তিক অঞ্চলে পরিবেশবান্ধব ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বড় ভূমিকা রাখবে।