রাজনীতি

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ

বাংলাদেশে কর্মরত ভারতের বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের সংগঠন ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’ (ইমক্যাব)-এর নির্বাচনে শাহীন চৌধুরী (ত্রিপুরা এক্সপ্রেস) সভাপতি ও মাছুম বিল্লাহ (দৈনিক যুগশঙ্খ ও ইস্টার্ন ক্রনিকল) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত ‘ইমক্যাব নাইট’ ও দ্বি-বার্ষিক সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন— সহ-সভাপতি রাজীব খান (টিভি ৯), যুগ্ম সাধারণ সম্পাদক মীর আফরোজ জামান (ইউএনআই), কোষাধ্যক্ষ আবু আলী (আমার অসম) এবং সাংগঠনিক সম্পাদক আমিনুল হক ভূঁইয়া (ত্রিপুরা দর্পণ)। কার্যনির্বাহী সদস্যরা হলেন— বাসুদেব ধর (দৈনিক স্টেটসম্যান), রফিকুল ইসলাম সবুজ (দৈনিক দেশের কথা), নির্মল চক্রবর্তী (ফেইস নিউজ), জাকির হোসেন (দৈনিক সেয়ন্দন) ও মনির হোসেন (ত্রিপুরা টাইমস)।

ইমক্যাব নির্বাচনের ভোটগ্রহণের নির্ধারিত তারিখ ছিল ৫ সেপ্টেম্বর। গত ২৯ আগস্ট ছিল মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার শেষ সময়। তবে সব পদেই একটি করে মনোনয়নপত্র জমা পড়ায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

সংগঠনের বিদায়ী সভাপতি ও ‘দৈনিক এই সময়’-এর প্রতিনিধি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইমক্যাব নাইটে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব গোকুল ভি.কে, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা সোমনাথ দে, ইমক্যাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও উপদেষ্টা ফরিদ হোসেন, উপদেষ্টা ও পিটিআই প্রতিনিধি আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক দীপ আজাদ এবং সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান প্রমুখ। সবশেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

Back to top button