আন্তর্জাতিকলিড নিউজ

অভিজিৎ দীপকে-ধ্রুব রাঠির পর এবার রত্না সিং আটক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রস্তাবিত বিক্ষোভের আগে ইউটিউবার ধ্রুব রাঠির পর এবার ককরোচ জনতা পার্টির (সিজেপি) আইনি দলের প্রধান রত্না সিংকে আটকের দাবি পুলিশের বিরুদ্ধে। শনিবার (১০ অক্টোবর) নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির আগে তাকে আরও তিন আইনজীবীর সঙ্গে আটকে রাখা হয়েছে বলে দাবি করেছেন রত্না সিং।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, রত্না সিং অভিযোগ করেছেন, তার গাড়ির চারপাশে ২৫ জনের বেশি পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন। কিন্তু তাকে আটকের কারণ সম্পর্কে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

রত্না সিংয়ের দাবি, শনিবার সকালে পুলিশ তার বাড়িতে যায়। এ সময় পুলিশের কাছে আনুষ্ঠানিক নোটিশ দেখতে চাওয়া হলেও তা দেখানো হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, পুলিশ সদস্যরা তাকে বাড়িতে অবস্থান করতে বলছিলেন। কিন্তু তিনি গাড়ি থেকে নামতে অস্বীকৃতি জানান। তার অভিযোগ, পুলিশ তাকে সেখান থেকে নিয়ে যাচ্ছিল না, আবার সেখান থেকে চলে যেতেও দিচ্ছিল না।

রত্না সিং বলেন, ‘আমরা আনুষ্ঠানিক নোটিশ চেয়েছি। কিন্তু তাদের কাছে কিছুই নেই। তারা বলছে, আমাকে আটক করতে চায়। আমাদের বলা হয়েছে, ওপর থেকে নির্দেশ এসেছে। তবে কারা এই নির্দেশ দিয়েছে, তা আমি জানি না।’

এদিকে, রত্না সিংয়ের আটকের অভিযোগের কয়েক ঘণ্টা আগে ইউটিউবার ধ্রুব রাঠিকেও আটক করা হয় বলে খবর প্রকাশিত হয়েছে। গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকায় তার বাসা থেকে তাকে আটক করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, যন্তর মন্তরের বিক্ষোভে যোগ দিতে দিল্লি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন রাঠি। এর আগে পুলিশ তাকে রাজধানীতে না যাওয়ার অনুরোধ জানায়। তিনি সেই অনুরোধে সাড়া না দেওয়ায় তাকে আটক করা হয় বলে পুলিশ সূত্রের বরাতে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

এদিকে, বিক্ষোভ ঘিরে দিল্লিতে নিরাপত্তাব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করার খবর পাওয়া গেছে।

Back to top button