
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে প্রকৃত সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুর সেনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঢাকা-১৫ আসনের বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের সমর্থনে আয়োজিত এই সভায় তারেক রহমান ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তাকে জয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, “সব শ্রেণির মানুষের প্রচেষ্টায় এ দেশ ঘুরে দাঁড়াবে। আমরা ক্ষমতায় গেলে শিশুদের মেধা বিকাশ, কৃষকদের জীবনমান উন্নয়ন এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব।”
শিক্ষা ও স্বাস্থ্য খাতের ভঙ্গুর দশার সমালোচনা করে তিনি প্রতিশ্রুতি দেন, প্রতিটি ঘরে শিক্ষার আলো পৌঁছে দেওয়া হবে এবং উন্নত বিশ্বের ন্যায় চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। দেশের বর্তমান সংকট উত্তরণে নতুন ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।