খেলাহাই লাইটস

কাউন্টি ক্রিকেটের আদলে হবে ‘বাংলাদেশ ফার্স্ট’ টুর্নামেন্ট

চলতি বছরে মাঠে গড়াবে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দেশের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট এক বছর গ্যাপ দিয়ে আগামী বছর গোছালোভাবে আয়োজন করতে চায় বিসিবি। যে কারণে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ফার্স্ট’ নামে নতুন করে করতে যাচ্ছে বিসিবি। 

এই টুর্নামেন্ট নিয়ে এবার বিসিবি পরিচালক মিনহাজুল আবেদীন নান্নু বললেন, ‘বাংলাদেশ ফার্স্ট যেটা হচ্ছে এটা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ এবং আমাদের ঘরোয়া ক্রিকেটের অনেক কিছু বদলে যাবে। খেলোয়াড়, ফ্র্যাঞ্চাইজির মালিক যারা থাকবে তাদের সম্পৃক্ততা বাড়বে।’

‘পুরো বাংলাদেশব্যাপী খেলা হবে, অনেকগুলো ভেন্যুতে খেলা হবে, অনেক কিছুরই উন্নতি হবে। দেখবেন যে আমাদের অন্যান্য জেলার খেলোয়াড়রা একটু উৎসাহিত হবে। যারা তরুণ খেলোয়াড় আছে তারও অনুপ্রাণিত হবে। আমি আশা করি এই টুর্নামেন্টটা হলে খেলোয়াড়রা যথেষ্ট উপকৃত হবে।’

টুর্নামেন্টটি কবে মাঠে গড়াবে এই ব্যাপারে নিশ্চয়তা দিতে পারেননি নান্নু। তবে দ্রুতই এই ব্যাপারে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ বিস্তারিত তথ্য জানাবে বলে নিশ্চিত করেছেন নান্নু।এ ছাড়া নতুন এই টুর্নামেন্টটি হবে কাউন্টি ক্রিকেটের আদলে বললেন নান্নু, ‘এটা হলে বাংলাদেশের ক্রিকেটে একটা উন্নতি হবে। কাউন্টি দলগুলো যেভাবে ওউন করে, যেভাবে চালায়, ঠিক সেই আঙ্গিকে একটা চিন্তাভাবনা করা হচ্ছে। আমার মনে হয় এখান থেকে খেলোয়াড়রা যথেষ্ট উপকৃত হবে, আঞ্চলিক অবকাঠামোগুলো উপকৃত হবে। ফ্র্যাঞ্চাইজি যারা আসবে তাদেরও দায়িত্ব অনেক বেশি থাকবে।’

Back to top button