বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে অপহৃত হওয়া সাড়ে চার মাসের শিশুকন্যা মারুফা জান্নাত মাহিকে চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকা থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অপহরণের এ ঘটনায় জড়িত অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে যৌথ আভিযানিক দল।
সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে বন্দর থানার কমিশনার গলি কাঁচাবাজার এলাকা থেকে র্যাব-৭ (চট্টগ্রাম) ও র্যাব-১৫ (কক্সবাজার)-এর যৌথ আভিযানিক দল শিশুটিকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ভোলা সদর উপজেলার ভদ্রপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. আলম ওরফে নুরুল আলম (৩০) এবং তাঁর স্ত্রী ত্রিশা ওরফে মারিয়া ওরফে সানজিদা আক্তার তিশা (২৫)।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর বন্দর এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে সশরীরে উদ্ধার করা হয় এবং মামলার এজাহারনামীয় ৩ ও ৪ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার করা আসামি ও উদ্ধার হওয়া ভুক্তভোগী শিশুকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের পাশাপাশি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় র্যাব।