জলবায়ু পরিবর্তনলিড নিউজ

জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়তে ব্র্যাক ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী পরিবেশ দিবস পালিত

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্র্যাক ইউনিভার্সিটিতে উদযাপিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস ২০২৬। ব্র্যাক ইউনিভার্সিটির ‘সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ’ (সিথ্রিইআর) এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির যৌথ উদ্যোগে ৮ ও ৯ আগস্ট মেরুল বাড্ডা ক্যাম্পাসে দুদিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, বিশ্বের বৃহত্তম বদ্বীপ হিসেবে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে থাকলেও পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে দেশকেই বৈশ্বিক নেতৃত্বের ভূমিকা নিতে হবে। গবেষণা ও গবেষণালব্ধ জ্ঞান কাজে লাগিয়ে বিশ্বব্যাপী জলবায়ু কার্যক্রমে অবদান রাখার প্রত্যয় জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানান, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজায়নের অংশ হিসেবে সরকার দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে। এছাড়া পরিবেশ দূষণ রোধে কাঠের ইটভাটা বন্ধ ও পলিথিনের বিকল্প ব্যবহারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন তিনি।

ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ না করেও শাস্তির মুখোমুখি হচ্ছে। এ জন্য আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়নের পাশাপাশি নিজস্ব দায়বদ্ধতা বাড়ানো জরুরি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ. কে. এম. সোহেল তরুণদের বৈশ্বিক জলবায়ু অর্থায়ন ও প্রকল্প প্রণয়নের দক্ষতা অর্জনের আহ্বান জানান।

অনুষ্ঠানে টেকসই উন্নয়ন, প্রকৃতিনির্ভর সমাধান এবং ‘শি ফর ক্লাইমেট ফেলোশিপ’-এর জয়ীদের পুরস্কৃত করা হয়। আয়োজকেরা আশা প্রকাশ করেন, বিশেষজ্ঞদের এমন সমন্বিত উদ্যোগ জাতিসংঘের জলবায়ু কার্যক্রম (এসডিজি ১৩) অর্জনে বড় ভূমিকা রাখবে।

দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগাবে সরকার: ব্র্যাক ইউনিভার্সিটির আয়োজনে পরিবেশ প্রতিমন্ত্রী
Back to top button