জাতীয়

গাবতলীতে যানজট মুক্তির নতুন উদ্যোগ: বাসের জন্য ডেডিকেটেড সড়ক উদ্বোধন

রাজধানীর অন্যতম প্রবেশদ্বার গাবতলী এলাকার দীর্ঘদিনের তীব্র যানজট নিরসন ও বাস চলাচল নির্বিঘ্ন করতে একটি বিশেষ ‘ডেডিকেটেড সড়ক’ চালু করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) গাবতলী ইন্টারসেকশন থেকে গাবতলী বাস টার্মিনাল পর্যন্ত নির্মিত এই বিশেষ সড়কের শুভ উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, দীর্ঘদিন ধরে গাবতলী বাস টার্মিনাল এলাকায় যত্রতত্র বাস চলাচল ও পার্কিংয়ের কারণে তীব্র যানজট তৈরি হতো, যা যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের চরম ভোগান্তির কারণ ছিল। এই সমস্যা চিরতরে দূর করতে বাসের প্রবেশ ও বাহির হওয়ার জন্য সম্পূর্ণ পৃথক এই ডেডিকেটেড সড়ক নির্মাণ করা হয়েছে। এর ফলে দূরপাল্লার বাস চলাচল আরও শৃঙ্খল ও দ্রুততর হবে এবং আশেপাশের প্রধান সড়কেও যানজট অনেকাংশে কমে আসবে।

ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, “নগরবাসীর স্বস্তিদায়ক যাতায়াত ও শৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বদ্ধপরিকর। গাবতলী এলাকার এই ডেডিকেটেড সড়ক নগর পরিবহন ব্যবস্থাপনায় এক ইতিবাচক পরিবর্তন আনবে এবং সাধারণ জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রতিনিধি এবং পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Back to top button