হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ, ভারতের সমস্যা আরও বাড়াবে

হরমুজ প্রণালি অতিক্রমের পর মুম্বাই উপকূলে একটি আনলোডিং টার্মিনালে নোঙর করেছে এলপিজি বহনকারী ভারতীয় পতাকাবাহী ট্যাংকার। ইরানে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলা শুরু করার পর থেকে হরমুজ প্রণালির ওপর কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তেহরান। বিশ্বব্যাপী তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই পথে পরিবাহিত হয়, যা এখন প্রায় অচল অবস্থায় রয়েছে।
গত শনিবার পাকিস্তানে অনুষ্ঠিত স্থায়ী যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হওয়ার পর মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা সোমবার থেকে হরমুজ প্রণালিতে ইরানের বন্দরগুলোতে প্রবেশকারী এবং সেখান থেকে বের হওয়া সমস্ত ট্রাফিক বা নৌ-চলাচলের ওপর অবরোধ আরোপ করবে। যুক্তরাষ্ট্রের এমন হুমকির পর পারস্য উপসাগর ও ওমান উপসাগরের বন্দরগুলো নিয়ে হুঁশিয়ারি দিয়েছে ইরান।
গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে মার্কিন প্রেসিডেন্টের নতুন করে অবরোধের হুমকি হাজার হাজার মাইল দূরে অবস্থিত ভারতে গভীর উদ্বেগের সৃষ্টি করছে।
১৪০ কোটি জনসংখ্যার এই দেশটি মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাসের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এই সরবরাহ ব্যবস্থায় যে কোনো ধরনের বাড়তি বিঘ্ন একটি তীব্র জ্বালানি সংকটের সূত্রপাত করতে পারে এবং ভারতের দ্রুত বর্ধনশীল অর্থনীতিকে স্থবির করে দেওয়ার বার্তা দিচ্ছে।