এবার জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস এডিবির

বিশ্ব ব্যাংকের পর এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবিও বাংলাদেশের মোট দেশজ উৎপাদন-জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে। সংস্থাটি বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে জিডিপি ৪ শতাংশ বাড়তে পারে।
অন্যদিকে মূল্যস্ফীতির হার না কমে বরং ৯ শতাংশে থাকবে বলে পূর্বাভাস দিয়েছে ম্যানিলাভিত্তিক ঋণদাতা সংস্থা এডিবি।
শুক্রবার (১০ এপ্রিল) প্রকাশিত এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক এপ্রিল সংস্করণে নতুন করে এ পূর্বাভাস মিলেছে।
এর আগে সেপ্টেম্বর সংস্করণে সংস্থাটি বলেছিল, চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হতে পারে ৫ শতাংশ।
প্রবৃদ্ধির সম্ভাব্য এই হার আগের বছরের চেয়ে সামান্য বেশি হলেও রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা বাড়তি শুল্ক প্রবৃদ্ধিকে চাপে ফেলতে পারে বলে এডিবি সতর্ক করে তখন।
একই সঙ্গে বলা হয়, অনুকূল পরিবেশ ও আঁটসাট মুদ্রানীতির ফলে ২০২৫-২৬ অর্থবছরে মূল্যস্ফীতি ৮ শতাংশে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি।
তবে হালনাগাদ প্রতিবেদনে সহযোগী এ সংস্থাটি বলছে, মধ্যপ্রাচ্যের সংকট দীর্ঘস্থায়ী হবে না, এমন চিন্তা থেকে ধারণা করা হচ্ছে পরের ২০২৬-২৭ অর্থবছরে প্রবৃদ্ধির হার আরও বৃদ্ধি পেয়ে ৪ দশমিক ৭ শতাংশে উঠতে পারে।
জাতীয় নির্বাচন শেষে রাজনৈতিক অনিশ্চয়তা কমে আসার ফলে অর্থনৈতিক কার্যক্রমে গতি আসবে ধারণা করে সংস্থাটি বলছে, তখন মূল্যস্ফীতিও কিছুটা কমতে পারে। ২০২৬-২৭ অর্থবছরে ৮ দশমিক ৫ শতাংশে মূল্যস্ফীতি নামতে পারে বলে পূর্বাভাস সংস্থাটির।