সারাদেশ

ভোজ্যতেল ও জ্বালানি তেলের কৃত্রিম সংকট: চট্টগ্রামে ক্যাবের প্রতিবাদী মানববন্ধন

ভোজ্যতেল ও জ্বালানি তেল নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি এবং কৃত্রিম সংকট তৈরির প্রতিবাদে চট্টগ্রামে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

সভাপতির বক্তব্যে ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, বাজার তদারকিতে নিয়োজিতদের নীরবতার সুযোগে একশ্রেণির অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে জনগণের পকেট কাটছে। তিনি অভিযোগ করেন, জ্বালানি তেল নিয়ে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে এবং প্রশাসন এসব সিন্ডিকেটকে নিরাপত্তা দিচ্ছে।

ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী অবিলম্বে বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে সাধারণ মানুষকে সাথে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধনে সাংবাদিক চৌধুরী ফরিদসহ বিভিন্ন পেশাজীবী ও যুব ক্যাবের নেতৃবৃন্দ সংহতি জানিয়ে বক্তব্য রাখেন।

Back to top button