আকস্মিক শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন সচিব
শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তরে হঠাৎ পরিদর্শন করেছেন শিক্ষা সচিব আবদুল খালেক। আজ মঙ্গলবার সকালে তিনি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), পরিদর্শন ও নিরীক্ষা শাখা (ডিআইএ), শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও সরকারি বদরুন্নেছা মহিলা কলেজ আকস্মিক পরিদর্শনে যান। তিনি এসব দপ্তরের গিয়ে কর্মকর্তা–কর্মচারীদের সঠিক সময়ে অফিসে উপস্থিতি নিশ্চিতের বিষয়ে খোঁজ নেন তিনি। এ সময় বিদ্যুতের অপচয় রোধ, এসির কম ব্যবহার এবং অফিস পরিষ্কার–পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন তিনি।
এ সময় শিক্ষা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে। শিক্ষা সচিব আবদুল খালেক বলেন, দপ্তরের পরিবেশ সব সময় পরিচ্ছন্ন রাখতে হবে, সময় মতো অফিসে উপস্থিত থাকতে হবে এবং দায়িত্ব পালনে আরও আন্তরিক হতে হবে। মনে রাখতে হবে, আমাদের কাজের মানই শিক্ষাব্যবস্থার মান নির্ধারণ করে।
এ সময় সরকারি বদরুন্নেসা মহিলা কলেজে গিয়ে শিক্ষা সচিব বিভিন্ন ক্লাস রুম পরিদর্শন করেন।ক্লাসে উপস্থিত শিক্ষার্থীদের কাছে পড়াশোনার পাশাপাশি নানা এক্টিভিটিস সম্পর্কে জানতে চান। এ সময় শিক্ষার্থীদের কাছে কবিতা ও গান শুনেন।
তিনি বলেন, এই আকস্মিক পরিদর্শনের মূল উদ্দেশ্য হলো আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা এবং বিশেষ করে শিক্ষার্থীদের দক্ষতা ও মানসিক বিকাশের বিষয়টি মূল্যায়ন করা। আমি আনন্দের সঙ্গে লক্ষ্য করেছি যে, প্রতিষ্ঠানটি পরিষ্কার-পরিচ্ছন্ন এবং একটি সুন্দর পরিবেশ বজায় রাখা হয়েছে—এটি সত্যিই প্রশংসনীয়।
তবে, আমি কিছু বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করতে চাই। শিক্ষার্থীদের মধ্যে সহপাঠ কার্যক্রম বা অন্যান্য কারিকুলাম কার্যক্রম নিয়ে এক ধরনের ঘাটতি লক্ষ্য করা গেছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম, সৃজনশীল কাজ—এসবই এক শিক্ষার্থীকে দক্ষ, আত্মবিশ্বাসী ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। তাই এ বিষয়ে আরও গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, আমি ঘোষণা দিতে চাই, শিক্ষার্থীদের নিজেদের আরও দক্ষ ও মজবুত করে গড়ে তুলতে প্রতি মাসে অন্তত একবার করে আমি নিজে বা আমার প্রতিনিধি পরিদর্শনে আসব। এতে করে আমরা নিয়মিতভাবে অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারব এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে পারব।