
চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কে একটি প্রাইভেটকারের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।
বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে সাতকানিয়ার বিওসি মোড় ওয়াফদা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড দাশপাড়ার মৃত নিরঞ্জন ধরের ছেলে রনজিৎ ধর (৫৫) এবং একই এলাকার মৃত মনিন্দ্র দে’র ছেলে বাবুল দে, যিনি বালি নামে পরিচিত (৬৫)।
আহতদের মধ্যে রয়েছেন দিলীপ মল্লিক (৬৫), টিকলু বিশ্বাস (৪০), প্রাইভেটকারের যাত্রী মিরাজ (৪০), জেরিন আফরোজ (৬০), ইসলাম (৪০) ও মশিউর রহমান (৪৩)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি ব্যাটারিচালিত রিকশা মহাসড়কের পাশে দাঁড়িয়ে যাত্রী তুলছিল। এসময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেটকার রিকশাটিকে জোরে ধাক্কা দিলে সেটি কয়েক মিটার দূরে ছিটকে পড়ে। এতে রিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক রনজিৎ ধর ও বাবুল দেকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দীন চৌধুরি জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও রিকশা জব্দ করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।