
মাত্র ১৫ বছর ২২৩ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন রুয়ান্ডার ফ্যানি উতাগুশিমানিন্দে। এর আগে তার চেয়ে কম বয়সে নারী-পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির নজির ছিল না। কেবল তাই নয়, অভিষেক ম্যাচ খেলতে নেমেই রুয়ান্ডার এই কিশোরী কয়েকটি ইতিহাস গড়েছেন।
এর আগে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে কারও সেঞ্চুরির কোনও কীর্তি ছিল না। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষিক্ত ব্যাটার হিসেবে সর্বোচ্চ ৯৬* রানের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার কারেন রোল্টনের। তাকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি প্রথম নারী ক্রিকেটার হিসেবে অভিষেক ম্যাচে ১১১ রান করলেন উতাগুশিমানিন্দে। নাইজেরিয়া আমন্ত্রণমূলক উইমেন্স টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তিনি এমন ঝড় তোলেন।
ঘানার বিপক্ষে ওপেনিংয়ে নেমে ৬৫ বলের ইনিংসে ১৭টি বাউন্ডারি মেরেছেন রুয়ান্ডার এই ব্যাটার। যাতে ভর করে তার দল ৩ উইকেটে ২১০ রানের বড় সংগ্রহ গড়ে। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৮৮ রান তুলতে সক্ষম হয় ঘানা। ফলে রুয়ান্ডা ১২২ রানের জয় পায়। তাদের পক্ষে বোলার বেলিসে মুরেকাতেতে’র তিন উইকেট শিকার করেন। এ ছাড়া তিন ব্যাটার রানআউট হয় ঘানার।