গণমাধ্যমবিনোদনহাই লাইটস

কাঁদতে কাঁদতে ইকরার বাবা বললেন, মেয়েটাকে ভিক্ষা চেয়েছিলাম কিন্তু দেয়নি

জাহের আলভী ও ইকরা

অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার ‘আত্মহত্যা’র ঘটনায় পাগলপ্রায় ইকরার বাবা কবির হায়াত খান। একমাত্র সন্তানের মৃত্যুর জন্য দায়ী করেছেন আলভী ও তাঁর মা নাসরিন সুলতানা শিউলিকে। কবির হায়াত কাঁদতে কাঁদতে বললেন, আলভী ও তাঁর মায়ের প্ররোচনাতেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। ক্ষুব্ধ এই বাবা তাঁর মেয়ের মৃত্যুকে ‘হত্যা’ আখ্যা দিয়ে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

একমাত্র মেয়ের শোকে কাতর বাবা কবির হায়াত খান বলেন, ‘সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার হোক আলভী ও তাঁর মায়ের। আলভী একটা অসভ্য ছেলে। সে আমার মেয়েকে মেরে ফেলেছে। আগে জানতাম না, মনে করতাম সে ভালো। আমার মেয়েও সংসার টেকানোর জন্য আমাদের কাছে কখনো কিছু প্রকাশ করেনি।’

ইকরার শিক্ষাজীবনের আক্ষেপ করে বাবা কবির হায়াত খান জানান, ইকরা অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল। তিনি বলেন, ‘আমার মেয়ে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, আলভী তখন একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। আমি তখন বলেছিলাম, আলভীর কাছে মেয়েকে বিয়ে দেব না। আমি আলভীর মাকে বলেছিলাম, আপা আমি আপনার ছেলের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেব না। আমার মেয়েকে আপনারা ভিক্ষা দেন। আলভীর মা মানেনি।’

কবির হায়াত খানের দাবি, ‘আলভী ও তাঁর মা যোগসাজশ করে অল্পবয়সী মেয়েটাকে নিয়ে গিয়ে বিয়ে করায়। ইকরা তখন মাত্র অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিল। শুরুতে বিয়ে মেনে না নিলেও একমাত্র সন্তানের ভবিষ্যতের কথা ভেবে পরে মেনে নিয়েছিলাম। আমি চাইছিলাম সংসার করুক। কিন্তু তা তো আর হলো না।’

Back to top button